Saturday, March 9, 2013

শনিবার সকালে

আমার পাশে আমার ছোট্ট ছেলেটা ঘুমোচ্ছে। হাত পা ছড়িয়ে। দিনের বেলায় ওর ঘুম খুব পাতলা। একটু বেশি আওয়াজ হলেই উঠে পড়বে, আর উঠেই আমার ল্যাপটপের উপর ঝাঁপিয়ে পড়বে। ওকে বুকের মধ্যে নিয়ে ঘুরে ঘুরে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াই আমি। যখন ও খুব ছোট ছিল তখন থেকেই। আর কারো কাছে ঐ ভাবে বুকের মধ্যে শুতে চায় না। তখন খুবই ছোট ছিল, আমার এক হাতে ওর মাথা, আর এক হাতে ওর পা শেষ হয়ে যেত। এখন এক বছর দেড় মাস। একটু লম্বা হয়ে গেছে। পা টা আর ধরে না, আমার হাতের বাইরে ঝুলে থাকে। গানের তালে তালে সেটা ও দোলায় একটু। তার সঙ্গে নিজেও আআ আআ করে সুর করে গান করে। ধীরে ধীরে চোখ বুজে আসে। তারপর আরো একটু ঘুরি, ঘুমটা একটু গাঢ় হলে সাবধানে বিছানায় শুইয়ে দিই। আজও এমন করেই ঘুম পাড়িয়েছি। হালকা করে পাখাটা চলছে। হাত পা ছড়িয়ে আরাম করে ঘুমোচ্ছে ও।

ওর ঘুমোনোর একটাই গান আছে। অন্য অনেক গান ও পছন্দ করে, কিন্তু আমার কাছে ঐ একটা গান শুনেই ঘুমোতে চায় --

মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ ...
থাক থাক নিজমনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব সেই প্রাণমন, অকারণ ... 

No comments:

Post a Comment