Thursday, November 29, 2012

দশ মাসে ছোট্ট সোনাই

আর একদিন পরেই বাবানের দশ মাস পূর্ণ হয়ে যাবে। এর মধ্যে সে অনেক কিছু নতুন জিনিস শিখেছে। তার দাবীগুলোও আরো জোরালো হয়েছে। জেদ বেড়েছে। আমি বা কেউ তাকে যদি বকা দিই সেও উল্টে বকে দেয়। এখন যা কিছু দেখে সবই নকল করতে চায়। এমনকি টিভিতে যা দেখে সেগুলোও। অনেক কথা বলার চেষ্টা করে, তার মধ্যে কিছু কিছু বোঝা যায় - পিকু, তোতো, ভাই, বাবা, বল, বই, ব্যাং, বাঘ।  আজ সকালে সে বিস্কুট দেখে উল্লাসে লাফিয়ে উঠে "মা কুট" বলে চিৎকার করে দৌড়ে এসেছে। কাল সোনাই তার দাদানের পা দুটো ধরে দাঁড়িয়ে ছিলো বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে বলে। কিছুতেই ছাড়ছিলো না, তারপর শেষে বাবা লুকিয়ে বাইরে গেলেন।

সোনাই জুতোকে বলে পা, মোজাটা দেখতে পেলে নিজেই নিয়ে আসে। নিজের জামা প্যান্ট গুলো নিয়ে খেলতে খুব পছন্দ করে। নতুন জামা পরিয়ে দিলে খুব খুশি হয়ে ভাবে আমরা কোথাও বেড়াতে যাবো। এখন হাঁটাটা stable হয়ে এসেছে, খুব একটা টলমল করে না, অনেকটা দূর অবধি হাঁটতে পারে। যখন কোন জিনিসের কাছে তাড়াতাড়ি পৌঁছনো দরকার, তখন হাঁটা ছেড়ে হামাগুড়ি দিয়ে নেয়। নিজের চিরুনি বা ব্রাশটা পেলেই আগে চুল আঁচড়ে নেয়। আয়না দেখে আঁচড়াতে বললে সঙ্গে সঙ্গে তাই করে। কাছে যে থাকে তারও চুল আঁচড়ে দেয়।

দিদুনের কাছেও তার কিছু দাবী আছে। রোজ সকালে কোলে নিয়ে ঘুরে ঘুরে দেয়ালে টাঙানো তার ছবিগুলো দেখাতে হয়। আমি ন্যাপি বের করলে টানটান হয়ে শুয়ে পড়ে, জানে মা চেঞ্জ করাবে। রাতে মশারি টাঙিয়ে দিয়ে শুয়ে পড়তে বললে শুয়ে নিজেই গান করতে করতে বা খেলতে খেলতে ঘুমিয়ে যায়। তবে পাশে আমাকে থাকতে হয়। হয়ত ওর বাবা বা দিদুন থাকলেও চলবে।

সোনাই সবথেকে বেশি যেটা বোঝে তা হল - আমি কারো কাছে ওর গল্প করছি। তখন সে আমার দিকে সুন্দর করে তাকায় আর একটু লজ্জা পেয়ে মিষ্টি মিষ্টি করে হেসে দেয়। বাড়িতে লোক এলে খুব ভাল লাগে, তাদের সঙ্গে খেলা করে। তবে তারা যাবার সময় ঝামেলা করে, তাই তাদের লুকিয়ে যেতে হয়। আজকাল হাত নেড়ে টাটা বলতে শিখেছে। বাবা অফিস যাবার সময় টাটা করে। কাল দাদান আর বৌঠান যাবার সময় সুন্দর করে টাটা করেছে, তারাও খুশি হয়েছে। আমার সঙ্গে ওর নানা ধরণের খুনসুটি আছে। আজকাল সকালে উঠে আর হামি করে না, রাতে ঘুমোনোর সময় হামি করে দেয়। আমি বকলে হামি করে দেয়, বাবাকে বা খুব চেনাদেরও হামি দেয়, আদর করে দেয়। এই হল আমার দশ-মাসের ছোট্ট সোনাই। 

No comments:

Post a Comment